আবার কিছুটা পারদের পতন শুরু হয়েছে। তবে তা মোটেই বেশি দিনের জন্য নয়, কয়েক দিনের জন্য। তারপরেই শীত বিদায় নেবে।
আজ সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ায় দাপটে ফের ঠান্ডার আমেজ ফিরেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও কনকনে ঠান্ডা আর পড়বে না বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নামবে বেশ কিছুটা। তবে বুধবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। অর্থাৎ শীত বিদায়ের পালা। এদিকে উত্তর ভারতে জেড স্ট্রীম উইন্ড রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও আন্দামান সাগরে। জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। আগামী কয়েকদিন কুয়াশার প্রভাব থাকবে। দুই ২৪ পরগণা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও সকালের দিকে ভোগাবে কুয়াশা। যদিও বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার পর্যন্ত ঠান্ডার যথেষ্ট দাপট থাকবে। তারপর উত্তরেও উর্ধ্বমুখী হতে পারে পারদ। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এ।

