আজ আমাদের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস – একটি প্রতিবেদন
সারা ভারত জুড়ে আজ পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত দিবস। দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই কয়েকজন ভারতীয় আছে, সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান জানানো হচ্ছে প্রজাতন্ত্র দিবসকে।
৭৬ তম প্রজাতন্ত্র দিবসে থিম রাখা হয়েছে ‘স্বর্ণিম ভারত – বিরাসত ও বিকাশ’। অর্থাৎ এই বছর প্রজাতন্ত্র দিবসে দেশের ঐতিহ্য, বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরা হবে। এই দিন দেশের বিকাশকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা হবে।
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো ওই মহান দিনে কর্তব্যপথে উপস্থাপিত হবে। এছাড়া ১৫ টি মন্ত্রক ও বিভাগ কুচকাওয়াজের সময় তাদের ট্যাবলো প্রদর্শন করবে।প্রধান কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের কাছে রাইসিনা হিল থেকে শুরু হয়ে, কর্তব্য পথ ধরে ইন্ডিয়া গেট ছাড়িয়ে লাল কেল্লা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে দেশের জাতীয় পতাকা উন্মোচন করবেন। এরপর বন্দুক স্যালুটের মাধ্যমে শুরু হয় জাতীয় সঙ্গীত। ৫২ সেকেন্ড পর আবারও হয় গান ফায়ার। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর ১৯৪১ সালের কামান ব্যবহৃত হয়। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত হয় বীরত্ব পুরস্কার। সেই সমস্ত শিশুদের সম্মান জানানো হয়, যারা অন্যের জীবন বাঁচাতে বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া এই দিন পদ্ম পুরস্কারগুলি যথা পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে।

