ইলিশের দামে আগুন বাজারে হাঁসফাঁস বাঙালি!
পদ্মা–গঙ্গার রুপোলি শস্য ছোঁয়ার স্বপ্নই কি থেকে যাবে?
নিউজ ডেস্ক :- বর্ষা শেষে শরতের দোরগোড়ায় বাঙালির প্লেটে ইলিশের সুবাস পাওয়ার স্বপ্ন এ বছর আরও দুর্লভ। পদ্মা থেকে গঙ্গা—দুই দিকের ইলিশই বাজারে এলেও দাম এমন উচ্চতায় পৌঁছেছে যে সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
সাম্প্রতিক তথ্য বলছে, ঢাকার খুচরা বাজারে ৫০০–৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ২,২০০ টাকা কেজি দরে। মাঝারি আকারের ৭০০–৮০০ গ্রামের ইলিশের দাম ১,৭০০–২,০০০ টাকা। এক কেজি সাইজের মাছ কিনতে গেলে ২,৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। আর বড়সড় ১.৫–২ কেজি ওজনের রুপোলি শস্যের দাম উঠেছে ২,৮০০–৩,৫০০ টাকা পর্যন্ত।
চাঁদপুর বা বরিশালের উৎস থেকে সরাসরি কিনলে খানিকটা সস্তা মিললেও দাম কমার সম্ভাবনা এখনই নেই বললেই চলে। পাইকারি বাজারের চাপ এবং রফতানির সীমাবদ্ধতাই দাম চড়া থাকার প্রধান কারণ বলে মত ব্যবসায়ীদের। গঙ্গার ইলিশের সরবরাহও কম, যার ফলে কলকাতার হাটে ৮০০–১০০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১,৪০০–১,৮০০ টাকা দরে, আর পদ্মার মোটা ইলিশ ছুঁইছুঁই ২,০০০ টাকা।
মাছ বিক্রেতাদের অভিযোগ, পাইকারি দরে ইলিশের দাম এতটাই বেশি যে খুচরো দামে কমানো সম্ভব হচ্ছে না। অপরদিকে ক্রেতাদের মুখে হাহাকার—“ইলিশ খাওয়া এখন স্বপ্ন, দাম শুনলেই বুক কাঁপে।” যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগস্টের শেষের দিকে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে, প্রায় ১০–১৫% পর্যন্ত।
ফলে দুর্গাপুজোর আগে ইলিশের স্বাদ নিতে চাইলে পকেটের জোর চাই আরও অনেক বেশি। ইলিশপ্রেমী বাঙালি তাই এখন একটাই প্রশ্ন করছেন—এই রুপোলি শস্য কি শুধুই স্বপ্নের মাছ হয়ে থাকবে? নাকি শিগগিরই সাধ্যের নাগালে আসবে, তার উত্তর দেবে আসন্ন সময়।

