উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে আরও কড়া ব্যবস্থা
গত ১০/১২ বছর ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আগেই ফাঁস হয়ে যাচ্ছে। এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বিদ্যাসাগর ভবন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, যে পরিবর্তনগুলো আনা হয়েছে –
১) আগে কোন স্কুলে প্রশ্ন যাবে তা নির্ধারণ ও বাছাই পর্ব চলত নিরাপত্তার মোড়কে। থানার অন্দরেই চলত সেই সমস্ত কাজকর্ম। কিন্তু চলতি বছর থেকে বদলে যেতে চলেছে সেই নিয়ম। নিরাপত্তার ঢাল বজায় রাখা হলেও, হস্তক্ষেপ থাকবে না স্থানীয় থানার, বরং ছাপাখানা থেকে এবার সেই বাছাইয়ের কাজ হয়ে আসবে বলে জানা গিয়েছে।
২) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরও বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। প্রতিবছর পরীক্ষার্থীদের কাছ থেকে ফোন উদ্ধারের নানা ঘটনা ঘটে থাকে। এবার সেই বিষয়টিকে আগাম রুখে দিতে পরীক্ষা কেন্দ্রে বসবে মেটাল ডিটেক্টর।
৩) মুখবন্ধ খামে প্রশ্ন প্রতিটি স্কুলে পৌঁছে থাকে। তারপর সেই স্কুলের প্রধান শিক্ষক সেই খাম খুলে প্রশ্ন বের করেন। সংসদের দাবি, পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পড়ার এতটা সময় আগে মুখবন্ধ খাম খোলার বিষয়টা মোটেই নিরাপদ নয়। এই সময়ের ব্যবধানের মধ্যে প্রশ্নফাঁসের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই এই রীতিতে বদল আনতে চায় তারা।
৪) এখন থেকে আর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নের খামের সিল খোলা হবে না, খোলা হবে একদম ক্লাস রুমে গিয়ে।
এখন দেখার এতো কিছুর পরেও কি প্রশ্ন ফাঁস রোখা যাবে!

