কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে তারাপীঠ, পূণ্যার্থীদের ঢল সামলাতে সতর্ক প্রশাসন
মনিপুষ্পক খাঁ, : – কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতিবছরের মতন এই বছরেও সেজে উঠেছে ৫১ পীঠের মধ্যে অন্যতম তারাপীঠ। শুক্রবার সকাল ১১ টা ৫৬ মিনিট থেকে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে ,থাকছে পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১১ টা ২২ মিনিট পর্যন্ত। কৌশিকী আমাবস্যা উপলক্ষে পূণ্যার্থীদের ঢল নামে তারাপীঠে। রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ভিড় জমান তারাপীঠ মন্দিরে। প্রতিবছরই কয়েক লক্ষ পূণ্যার্থীর সমাগম হয় বীরভূম জেলার এই শক্তি পিঠে। এই অবস্থায় পূণ্যার্থীদের নিরাপত্তায় কোনও খামতি রাখছে না জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ মন্দির কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ মন্দির চত্বর জুড়ে থাকছে ১৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়ছে মেটাল ডিটেক্টর। পাশাপাশি যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশের ৫০০ আধিকারিক সহ ১৫০০ জন পুলিশকর্মী। থাকছে ২০০০ সিভিক ভলেন্টিয়ার। তারাপীঠের বিভিন্ন এলাকায় নজরদারি করার জন্য তৈরি করা হয়েছে একাধিক অস্থায়ী ওয়াচ টাওয়ার। যান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ড্রপগেট। মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। মন্দির কমিটির পক্ষ থেকে ২০০ জন বেসরকারি নিরাপত্তা কর্মীকেও মোতায়েন করা হয়েছে সে জন্য।গর্ভগৃহে প্রবেশের জন্য মন্দির জুড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। তৈরি রাখা হয়েছে দমকলকেও। যে কোনও পরিস্থিতিতে দমকল যাতে দ্রুত পৌঁছতে পারে সেজন্য আগাম ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গেছে, তারাপীঠ মন্দিরে পুজো দেয়ার জন্য ৩ টি লাইন থাকবে। একটি সাধারণ পুণ্যার্থীদের জন্য , অন্যটি বিশেষ লাইন সেখানে ৫০০ টাকা অনুদান দিয়ে পূজো দেওয়া যাবে। আরো একটি লাইন বরাদ্দ থাকবে আমলা, উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনদের জন্য।

