নিজস্ব সংবাদদাতা :- আবার টাকার পাহাড়ের সন্ধান পাওয়া গেলো। এবার গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানি। শুক্রবার নিউটউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর বাড়ি থেকে নগদ ৬০ লক্ষ টাকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
সানমার্গের চিটফান্ডের থেকে প্রচুর টাকা তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং সুবিধা পাইয়ে দেবে বলে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ অনেকদিন ধরেই রাজু সাহানি হালিশহরের পুরসভায় আসা বন্ধ করেদিয়েছিলেন। অবশেষে তাঁকে নিউটাউনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
একসময় রাজু সাহানির বাবা লক্ষণ সাহানি দাপুটে কাউন্সিলর ছিলেন। পরপর দুবার রাজু সাহানি চেয়ারম্যান হয়েছেন। গত পুরসভা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করেছিলেন। খবর সূত্রে জানা যায়,তার থাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখানে অনেক সম্পত্তিও আছে। সিবিআই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে তথ্য সন্ধান করে চলেছে।
স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ রাজু সাহানি চিটফান্ডের টাকায় কলকাতায় নানা সম্পত্তি করেছে এবং হালিশহরের গঙ্গার পাড়ে একটি বাগানবাড়িও করেছে। ইতিমধ্যেই কিছুদিন আগে এসএসসি দুর্নীতি মামলায় ও গোরুপাচারকান্ড মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা মুখোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

