ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা গেল না আহত দাঁতালকে, দিনভর চেষ্টার পর রাতে হাল ছাড়ল বন দফতর
পায়ে আঘাত ছিল। আর তাই গত কয়েকদিন ধরে কার্যত খুঁড়িয়ে হাঁটছিল দাঁতালটি। আঘাতের চিকিৎসা করতে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টাও হল বন দফতরের তরফে। কিন্তু রবিবার দিনভর চেষ্টার পরেও দাঁতালটি বাগে না আসায় রাতে হাল ছাড়ল বন দফতর।
বাঁকুড়ার জয়পুর জঙ্গলে একটি দলছুট দাঁতাল বেশ কয়েকদিন ধরেই খুঁড়িয়ে হাঁটছিল। বিষয়টি নজর এড়ায়নি বন কর্মীদের। এরপরই বনদফতরের তরফে হাতিটির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়। তাতে দেখা যায় দাঁতালটির একটি পায়ে গভীর ক্ষত রয়েছে। এরপরই হাতির পায়ের চিকিৎসার জন্য একটি দল গঠন করে বিষ্ণুপুর বন বিভাগ। তলব করা হয় ঘুমপাড়ানি গুলি করার ব্যাপারে বিশেষজ্ঞদেরও। রবিবার দুপুরের পর হাতিটির অবস্থান চিহ্নিত করে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা শুরু হয়। একাধিকবার হাতিটি লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও ছোঁড়েন বিশেষজ্ঞরা। কিন্তু ঘুমপাড়ানি গুলির কোনোটি লক্ষ্যভ্রষ্ট হয়, আবার কোনোটি লক্ষ্যভেদ করলেও তার ভেতরে থাকা ওষুধ হাতির শরীরে প্রবেশ করেনি। এরফলে রবিবার দিনভর চেষ্টার পরেও কাবু করা যায়নি দাঁতালটিকে। দীর্ঘক্ষণ চেষ্টার পর রাতে রণে ভঙ্গ দেয় বন দফতর। বন দফতর জানিয়েছে হাতিটি রবিবার যেভাবে একস্থান থেকে অন্যস্থানে দ্রুত সরছিল তাতে তার পায়ের ক্ষত অনেকটাই সেরে উঠেছে বলে মনে করা হচ্ছে। তা সত্বেও আগামী বেশ কয়েকদিন দাঁতালটিকে কড়া নজরদারির মধ্যে রাখা হবে। প্রয়োজনে ফের ঘুমপাড়ানি গুলি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

