জলাধার মেরামতির কাজে নেমে মৃত্যু দুই শ্রমিকের
নিউজ ডেস্ক রিপোর্ট :- এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকায় একটি আবাসনে। মৃত্যু হয় মালদা ও মুর্শিদাবাদের দুজন শ্রমিকের। জানা যায়, ১৫ দিন আগে জলাধারের ঢালাই হয়। এরপরেই মালদহ ও মুর্শিদাবাদের রাজমিস্ত্রি সহ সহকারিরা ঈদ উপলক্ষে বাড়ি ফিরে যান। ১৫ দিন পর বাড়ি থেকে ফিরে এসে বুধবার ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে যান বাবলু। সেই জলাধারে নেমে দমবন্ধ হয়ে আসছিল বাবলুর। চিৎকার করতেই সেখানে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ। তাঁরও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। সেই সময় উপরে থাকা আরও এক রাজমিস্ত্রির সহকারি চিৎকার করতেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
সন্দেহ করা হচ্ছে ওই জলাধারের মধ্যে কোনো বিষাক্ত গ্যাস সঞ্চিত হয়েছিল। পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় ওই দুই পরিবার ও সমস্ত শ্রমিকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

