স্বর্ণালী হালদার, কলকাতা:— জাতীয় গানের সময় দাঁড়ানো প্রথা, ৬৫ সেকেন্ডে শেষ করতে হবে ‘বন্দে মাতরম’— মর্যাদা রক্ষায় নতুন নির্দেশিকা কেন্দ্রের
দেশের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মর্যাদা ও উপস্থাপনা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় সংগীতের মতোই জাতীয় গান পরিবেশনের সময়ও শ্রদ্ধা প্রদর্শন বাধ্যতামূলক— অর্থাৎ ‘বন্দে মাতরম’ গাওয়ার বা বাজানোর সময় উপস্থিত সকলকেই উঠে দাঁড়াতে হবে।
গত জানুয়ারিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে বিভিন্ন মন্ত্রক, সংস্কৃতি দফতর ও প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় গান ও জাতীয় সংগীত— দুইয়ের মর্যাদা ও ব্যবহার নিয়ে অভিন্ন নীতি নির্ধারণ করা।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ পরিবেশন যেন শৃঙ্খলাবদ্ধ ও সম্মানজনক হয় তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান, সরকারি কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশেষ দিবসে জাতীয় গান গাওয়া হলে দাঁড়িয়ে সম্মান জানানোই প্রথা হিসেবে মানতে হবে। তবে জাতীয় সংগীতের মতো এটিকে আইনি বাধ্যবাধকতার পর্যায়ে না রাখা হলেও নাগরিক দায়িত্ব হিসেবে তা মানার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়াও জাতীয় গান পরিবেশনের সময়সীমা নিয়েও স্পষ্ট করা হয়েছে— সম্পূর্ণ গান গাওয়ার পরিবর্তে স্বীকৃত অংশটিই গাওয়া হবে এবং তা প্রায় ৬৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট ছন্দ ও গতিতে গেয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশন করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
সরকারি সূত্রের দাবি, নতুন নির্দেশিকার লক্ষ্য কোনও বিতর্ক তৈরি করা নয়, বরং জাতীয় প্রতীকগুলির প্রতি মানুষের সম্মানবোধকে আরও সুসংহত করা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে বলা হয়েছে।

