প্রতিনিধি, নিশীথ দাস, স্বদেশ দাস,বসিরহাট:- উত্তর ২৪ পরগণা বসিরহাটে এবার টোটো নিয়ন্ত্রণে QR কোড লাগানো বাধ্যতামূলক করা হল। মধ্যমগ্রাম পৌরসভার পর এবার বসিরহাটে এমন উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা। রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে QR কোড লাগানোর ব্যবস্থা করা হল। উদ্যোগ নেওয়া হচ্ছে বসিরহাট পুরসভার উদ্যোগে। গোটা শহর জুড়ে এই মুহূর্তে আড়াই থেকে তিন হাজার টোটো চলছে। যে টোটোগুলি কোনও নিয়ম মানে না বলে অভিযোগ। অবাধ্য টোটোগুলিতে এবার শৃঙ্খলায় বাঁধতে এমন উদ্যোগ নেওয়া হল পৌরসভার পক্ষ থেকে।
ইছামতি নদীর তীরে সীমান্ত শহর বসিরহাট। জেলা তথা রাজ্যে জন ঘনত্বের নিরিখে প্রথম সারিতে রয়েছে বসিরহাট শহর। ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য চলে। নিত্যদিনে যানজটে জর্জরিত হয় বসিরহাট শহর। প্রথম দিকে টোটো মন কেড়েছিল গোটা শহরবাসীর। কিন্তু কয়েক বছরের মধ্যে সংখ্যা বাড়ায় সেই টোটো শহরের নাভিশ্বাস তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে নিত্য যাত্রী ও শহরবাসী। শহরে নিত্য যানজটের জন্য কয়েক হাজার টোটোকেই দুষছে বসিরহাটবাসী। রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে লাগানো হচ্ছে কিউ আর কোড।

