Monday, February 16, 2026
- Advertisement -

ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বিয়ের সাজে অন্বেষার হাতের ছোঁয়া, এক কলেজছাত্রীতে মাতোয়ারা বিয়ের বাজার!

- Advertisement -

বিয়ের বাজারে হিট ডিজিটাল প্রিন্ট, সৃষ্টিশীলতায় তাক লাগাচ্ছেন আরামবাগের ছাত্রী অন্বেষা!

বিয়ে মানেই জীবনে এক নবযুগের সূচনা। এর সঙ্গে জড়িয়ে থাকে একের পর এক মাঙ্গলিক আচার-অনুষ্ঠান ও উপকরণ। বিয়ের সাজ, বর-কনের পোশাকের পাশাপাশি পরিণয়ের প্রতিটি সামগ্রীতে চাই শুভত্বের ছোঁয়া, শিল্পের স্পর্শ। আর ঠিক সেই কাজেই আপন হাতে সৃষ্টিশীলতার জাদু ছড়াচ্ছেন আরামবাগের কলেজছাত্রী অন্বেষা সামন্ত।

আজকের যুগে বিয়ের সামগ্রীতে ডিজিটাল প্রিন্টের ধুম। নতুন নকশায় তাক লাগাচ্ছেন অন্বেষা। বিয়ের টোপর, মুকুট, পিঁড়ি, তত্ত্বসূচি, সিঁদুর কৌটো– সবেতেই তার তুলির ছোঁয়া। শুধু কি বিয়েবাড়ির জিনিস? একেবারেই না! অন্বেষার হাতে ফটোফ্রেম, রাখি, পাঞ্জাবি, লেহেঙ্গাও হয়ে উঠছে অনন্য ও ব্যতিক্রমী। আঁকার ঝোঁক থাকলে এই পথে সহজেই স্বনির্ভর হওয়া সম্ভব, আর সেই স্বপ্নই বাস্তবে রূপ দিচ্ছেন এই তরুণী।

বাজারে বিয়ের সমস্ত সামগ্রী মিললেও বৈচিত্র্যের অভাব থেকেই যায়। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন খুঁজছেন অনেকেই। এই চাহিদাকেই নিজের প্রতিভায় পূরণ করছেন অন্বেষা। স্বনির্ভর হওয়ার পাশাপাশি পরিবারের অবস্থার উন্নতিরও চেষ্টা চালাচ্ছেন তিনি। আরামবাগ ব্লকের মোবারকপুর গ্রামের মেয়ে অন্বেষা ছোট থেকেই আঁকায় পারদর্শী। ডিজিটালের যুগে তিনি আঁকাকে যুক্ত করেছেন ডিজিটাল প্রিন্টে। পুজো, বিয়ে বাড়ি, ঘর সাজানোর জিনিস থেকে পোশাক— প্রায় ২০ রকম সামগ্রী নিজের মৌলিকতায় ব্যতিক্রমী করে তুলছেন। নিজের ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেই আসছে একের পর এক অর্ডার।

মোবারকপুর সামন্ত বাড়ির এই মেয়ে প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। বাবা জয়দেব সামন্ত চাষবাস করে সংসার চালান। ২২ বছরের অন্বেষা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় এর অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়িতে দিদি, ভাই, বাবা, মা নিয়ে ছোট সংসার। পড়াশোনার পাশাপাশি নিজের হস্তশিল্পের মাধ্যমে আয় করছেন তিনি।

অন্বেষার কথায়, “চাকরিবাকরির যা হাল তাতে সেটা পাওয়ার আশা করি না। তার থেকে সৃজনশীল কাজ করে উপার্জন করা অনেক বেশি সম্মানের। কিছু তো পরিবারকে সাহায্য করতে পারি।” শ্রদ্ধেয় শ্রীকান্ত বধূক এর হাত ধরে অন্বেষা ভূষিত হয় বঙ্গ রত্ন অনন্য সম্মান ও হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কারে ।

এইভাবেই শিল্প আর সৃজনশীলতায় নতুন দিশা দেখাচ্ছেন অন্বেষা, তাক লাগাচ্ছেন বিয়ের বাজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments