দ্বিতীয় ইনিংস শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট মানেই বিশ্বের একটা বিশেষ মুখ। তার উপরে বিশ্বের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভর করে।
সোমবার, ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটরে কিছু পর মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শপথ পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের তাবড় ব্যক্তিত্বরা। মার্কিন মুলুকের ধনকুবের এলন মাস্ক থেকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিরা এই শপথ পাঠের সাক্ষী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসাবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যান্য আন্তর্জাতিক অতিথিদের মধ্যে, চিনের ভাইস প্রেসিডেন্ট, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশ বিষয়ক মন্ত্রীরা। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উপস্থিত। এদিকে, শপথের আগে, ক্যাপিটলে ওয়ান এলাকায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিকট্রি ব়্যালি’ করেন ট্রাম্প। ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানটি বাইরের পরিবর্তে ইউএস ক্যাপিটলের ভিতরেই অনুষ্ঠিত হলো। প্রথা মেনে বাইবেল পাঠ ও বাইবেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।
ডোনাল্ড ট্রাম্পের আগে এদিন ভাইস প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন জেডি ভান্স। এরপরই শপথ নেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শপথ পাঠ করিয়েছেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস। এদিকে, মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের আগমন ইউরোপের জন্য স্বস্তির খবর নয় বলে বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্কোস ব্যারো। এই নিয়েও চলেছে নানা বিশ্লেষণ। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।

