নজিরবিহীন তুলকালাম বিধানসভায় ! মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে টানা চোর স্লোগান পদ্ম শিবিরের, সাসপেন্ড বিজেপির একাধিক বিধায়ক
মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝে ব্যাপক উত্তপ্ত হল বিধানসভা। বিধানসভার কক্ষে কার্যত নজিরবিহীন তুলকালাম দেখা গেল তৃণমূল ও বিজেপির মধ্যে।
ধস্তাধস্তিতে জড়ালেন একাধিক তৃণমূল এবং বিজেপির বিধায়কেরা। তারই মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বাংলা ভাষার অপমান , ভিন্রাজ্যে বাঙালিদের হেনস্থার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা ছিল বিধানসভায়। মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার কথা ছিল এদিন, সেইমতো মমতার ভাষণ শুরু হওয়ার কিছু আগে থেকেই বিজেপির বিধায়কেরা শঙ্কর ঘোষের নেতৃত্বে হইহট্টগোল শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শঙ্কর কে সাবধান করলেও শোনেননি তিনি ফলে স্পিকার মার্শালকে ডাকেন এবং শঙ্কর কে অধিবেশন কক্ষ থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য বলেন । সেইমতো বিধানসভার নিরাপত্তারক্ষীরা এসে শঙ্করকে টেনে বার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। তাতেই পরিস্থিতি ব্যাপক উত্তেজনামূলক হয়ে ওঠে। বিধানসভার নিরাপত্তারক্ষীরা শঙ্করকে বার করে নিয়ে যাওয়ার সময় বাধা দেন বিজেপি বিধায়কেরা। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। তাঁকে জেএন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু করেন। সেই সময় থেকেই এক টানা ” চোর চোর” স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কেরা। পাল্টা তৃণমূল বিধায়কেরাও ‘জয় বাংলা’ স্লোগান তোলেন এবং ওয়েলে নেমে যান। স্পিকার দু’পক্ষকেই শান্ত হতে বললেও উত্তেজনা কমেনি, শেষে মুখ্যমন্ত্রীই নিজের আসন ছেড়ে ওয়ালে নেমে যান এবং তৃণমূল বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন। ফের বলতে শুরু করেন মমতা কিন্তু বিজেপি বিধায়করা স্লোগান চালিয়ে যেতে থাকেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই শোনা যাতে থাকে বিরোধীদের ” চোর চোর ” অথবা ” তৃনমূলের সবাই চোর ” স্লোগান। একসময় এইসব স্লোগান শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু পদ্ম শিবিরের স্লোগান থামেনি। মুখ্যমন্ত্রীও চরম বিরোধিতার মুখে মাঝে মাঝে থেমে গিয়েও বক্তৃতা চালিয়ে গিয়েছেন এবং বেনজির ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে।
একসময় বিজেপির সাথে চিৎকার-চেঁচামেচি তে জরিয়ে পড়া নিজের দলের বিধায়কদের ধমক দেন মমতা। মমতা বলেন, ‘‘আমার কথা না শুনলে আমি স্পিকারকে সাসপেন্ড করতে অনুরোধ করব।’’
হইহট্টগোলের মাঝে স্পিকার জানিয়ে দেন, বিজেপি বিধায়কদের স্লোগান নথিভুক্ত হবে না। এদিন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সাসপেন্ড হয়েছেন বিজেপির শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ এবং অশোক দিন্দা।

