নবান্ন অভিযানের মাঝেই তৃণমূলের অফিস ভাঙচুর! অভিযোগের তীর বিজেপির দিকে
মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক : – অভয়ার বিচার চাইতে অরাজনৈতিক নবান্ন অভিযান চলার মধ্যেই তৃণমূলের অফিসে ঢুকে ছিঁড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বাদ যায়নি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এমনকি হকার্স ইউনিয়নের নেতা স্বর্ণকমল সাহার ছবিও! লন্ডভন্ড তৃনমূলের অফিস এসব ঘটিয়েছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ করেছে শাসক দল। শনিবার তিলোত্তমার মা-বাবার ডাকে নবান্ন অভিযানের মাঝেই নিউমার্কেটে তৃণমূলের ‘হকার্স ইউনিয়নের’ অফিস ভাঙচুর হয়।
তৃণমূল কর্মীদের দাবি, এ দিন নবান্ন অভিযান চলাকালীন পুলিশের থেকে বাধা পান বিজেপি কর্মী সমর্থকরা ঠিক সেই সময় তাঁরা পার্কস্ট্রিট সংলগ্ন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন সে সময় বিজেপি কর্মীদের একাংশ তৃণমূলের ‘হকার্স ইউনিয়নের’ অফিসে ঢুকে পড়েন। তারপর তাণ্ডব চালাতে থাকেন বলে অভিযোগ। পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি তৃণমূলের।
সূত্রের খবর, বাধা দিতে গেলে কলকাতা পুলিশের এক আধিকারিকের আঘাত লেগেছে। ‘হকার্স ইউনিয়নের’এক সদস্য বলেন, “অর্জুনের নেতৃত্বে বিজেপি কর্মীরা আসছিল। যেই দেখল আমাদের মুখ্যমন্ত্রীর কাট আউট, ভেঙে চুরমার করে দিল সব। টিভি-পতাকা সব ভেঙে দিয়েছে। হাতে জাতীয় পতাকা নিয়ে গুণ্ডামি করছে।”
তবে এই বিষয়ে এখনও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।

