প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দে খুশি নয় অধীর
কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্পষ্ট করে বলেন, ভারতের তিন দিকে পাকিস্তান, চিন ও বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই সময় ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হতে হবে। কিন্তু বাজেটে সেই ইঙ্গিত নেই। সামরিক শক্তিতে বিশ্বের প্রথম সারির দেশ ভারত। শনিবার বাজেট অধিবেশনে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গতবারের চেয়ে বাড়ানো হয়েছে। কিন্তু, বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দে খুশি নন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরও বরাদ্দ করা উচিত বলে তিনি মনে করেন।
কংগ্রেস নেতা বলতে চান, পাকিস্তান, চিন ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিয়ে সামরিক বাহিনীকে আরও ঢেলে সাজাতে হবে। শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার ২১০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা আগের বাজেট অধিবেশনে বরাদ্দের চেয়ে ৯.৮ শতাংশ বেশি। আগের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল ৬. ২ লক্ষ কোটি টাকা। অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ অর্থ ব্যয় করা হবে। কিন্তু এতে খুশি নন অধীর চৌধুরী। অধীর বলেন, “বাংলাদেশ, পাকিস্তান, চিন- এই ত্রিমুখী বিপদের মুখে আমরা পড়েছি। এই ত্রিমুখী বিপদের মোকাবিলায় আমাদের যা করা উচিত, অর্থাৎ সামরিক খাতে অনেক অর্থ বরাদ্দ করা উচিত। কিন্তু, প্রয়োজন অনুযায়ী আমরা করছি কি?”

