স্বর্ণালী হালদার, কলকাতা:
বিদায়ের পথে শীত, উষ্ণ আবহাওয়াতেই বাণী বন্দনা—সোমবার থেকেই রাজ্যজুড়ে বাড়ছে পারদ
রাজ্যে ধীরে ধীরে শেষের পথে শীত। জানুয়ারির মাঝামাঝি কনকনে ঠান্ডার যে দাপট দেখা গিয়েছিল, ফেব্রুয়ারির শুরুতেই তা অনেকটাই ফিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। একধাক্কায় চড়চড় করে বাড়তে পারে পারদ। সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই উধাও হবে ঠান্ডা ভাব।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের ঠান্ডা কমবে দ্রুত। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা। ফলে সোয়েটার বা জ্যাকেটের প্রয়োজন ক্রমেই কমবে।
সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীতের আমেজ বজায় থাকলেও, তা খুব বেশি অনুভূত হবে না বলেই মত আবহাওয়াবিদদের। সকালে বা গভীর রাতে হালকা ঠান্ডা থাকলেও, দুপুরের রোদে বেশ উষ্ণ অনুভূতি মিলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ছবি—সোমবার থেকে সেখানেও ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা, যদিও পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে শীত কিছুটা বেশি টিকে থাকতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার প্রভাব ক্রমশ কমে যাচ্ছে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকায় আপাতত নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও নেই। ফলে শীতের বিদায় পর্ব প্রায় নিশ্চিত।
সব মিলিয়ে বলা যায়, এ বার বাণী বন্দনার দিনগুলো কাটবে তুলনামূলক উষ্ণ আবহাওয়াতেই। শীতের শেষ ছোঁয়া উপভোগ করার এটাই হয়তো শেষ সুযোগ, তারপরেই ধীরে ধীরে বসন্তের আবাহন।

