বিধানসভায় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই পদ্ম বিধায়ক ! শুভেন্দু অধিকারীকে ফোন জে পি নাড্ডার
মনিপুষ্পক খাঁ , নিউজডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অসুস্থ বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং বঙ্কিম ঘোষ। তাঁদের দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই। বিজেপি বিধায়কদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করলেন জে পি নাড্ডা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝে ব্যাপক উত্তপ্ত হয় বিধানসভা। বিধানসভার কক্ষে কার্যত নজিরবিহীন তুলকালাম দেখা যায় তৃণমূল ও বিজেপির মধ্যে।
ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন একাধিক তৃণমূল এবং বিজেপির বিধায়কেরা। তারই মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারী তাঁকে হাসপাতালে পাঠান। সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক। তবে তারপরও বিধানসভায় অশান্তি চলতে থাকে। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে।
শুভেন্দু বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে দাবি করেন, বঙ্কিম ঘোষের হৃদযন্ত্রে স্টেন বসানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই প্রসঙ্গে জে পি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। অসুস্থ বিধায়কদের ছবি, ভিডিও নিয়েছেন নাড্ডা জানিয়েছেন শুভেন্দু।

