ভারী বৃষ্টি চলেছে – নবান্ন থেকে জেলায় গেলো সতর্ক বার্তা
নিউজ ডেস্ক রিপোর্ট :- এ বছর আষাঢ় মাসে দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টি হয় নি। গত ৩/৪ দিন ধরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তার জেরেই এবার জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নবান্নের বিভিন্ন জেলার জেলাশাসকদের। জল জমলে সঙ্গে সঙ্গে তা বের করার জন্য পাম্পের ব্যবহার করতে হবে বলে জানিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে জানানো হয়েছে, নদীগুলিতে বিভিন্ন ব্যারেজ থেকে কত জল ছাড়ছে, তার প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে। তার উপর নির্ভর করেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
নবান্ন থেকে জানানো হয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। একবার বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেলে সেটি সঙ্গে সঙ্গে যাতে পাম্প করে বের করে দেওয়া হয়, এ নিয়ে যত্নবান হতে হবে, এমনই নির্দেশ। সব মিলিয়ে জেলায় জেলায় জলযন্ত্রণা এড়াতে কড়া নির্দেশ দিল নবান্ন কলকাতা পুরসভার কমিশনারকে। সেই নির্দেশ জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে।

