২১ জুলাই শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেন মালদা জেলায় কোনো সিট না পাওয়া নিয়ে। তিনি দুঃখ করে বলেন, “আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট বিজেপিকে, একটা কংগ্রেসকে দিলেন। ওরা কোনওদিন কিছু করেছে আপনাদের জন্য? তাও ভুল বুঝিনি আমি। আমি বিশ্বাস করি, ছাব্বিশে মালদহের আম আমসত্ত্ব আমরা পাবই।” মমতার এই বার্তার পরেই রাতে প্রতিক্রিয়া জানান বিজেপির খাগেন মুর্মু ও কংগ্রেসের ঈশা খান চৌধুরী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঈশা খান বলেন, প্রকল্পের কোটি কোটি টাকা লুঠ করেছে শাসকদল। গরিব মানুষকে আরও গরিব করে দিয়েছে। অথচ তৃণমূল নেতাদের রমরমা, বিস্ফোরক দাবি ঈশার। তিনি আরও বলেন, মালদা কখনো তৃণমূলকে গ্রহণ করবে না। অন্যদিকে খাগেন মুর্মু বলেন, “মালদহের মানুষ ওনাকে কিছুই দেবে না। না আম পাবেন না না আমসত্ত্ব। খান থেকে সব থেকে বেশি মানুষ পরিযায়ী শ্রমিক। নদী ভাঙনে সব শেষ হয়ে যাচ্ছে। গঙ্গা, ফুলহারের ভাঙনে মানুষের বাড়িঘর, জমিজমা সব হারাচ্ছেন।”পরে তিনি হাসতে হাসতে বলেন, মালদা থেকে তিনি আমি বা আমসত্ত্ব কোনোটাই পাবেন না।

