রবিবার বিকেলে মমতা মিটিং করলেন অভিষেকের সঙ্গে
সামনেই ২০২৬ মহারণ। যেভাবে এগিয়ে চলেছে বিজেপি তাতে যথেষ্ট কপালে ভাঁজ মমতার। শুরু হয়ে গেছে ২০২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি। পাখির চোখ এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই তৃণমূলের অন্দরে স্বাভাবিকভাবেই বেড়েছে উত্তেজনা। গত দশ বছর ধরে সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে বঙ্গের বুকে নিজেদের দূর্গ বানিয়েছেন মমতা। সেই দূর্গকেই অটুট রাখতে ফের একবার ভোটের আগেই ময়দানে নেমে পড়লেন তিনি। ২৭ তারিখ রয়েছে সাংগঠনিক বৈঠক। তাই তার আগেই দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনকে আরও পোক্ত করা নিয়ে এক প্রস্থ আলোচনা সেরে ফেললেন তিনি। সূত্রের খবর, এই মুহূর্তে কোনোভাবেই মমতা চাইছেন না তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব আবার সামনে আসে।
ইতিমধ্যে বিভিন্ন দলীয় সংগঠনের মধ্যে পরিবর্তন শুরু করেছে তৃণমূলের সুপ্রিমো। সেই বিষয়ে তিনি কিছু পরামর্শ করে নিলেন অভিষেকের সঙ্গে। সাম্প্রতিককালে আরজি কর-কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে নানা ভাবে ব্যাকফুটে ফেলেছিল বিরোধীরা। এই বিষয়টিকে যাতে ভোটে আবার তারা হাতিয়ার সেই জন্যও আগাম সতর্ক হয়েছে তৃণমূল। সূত্রের খবর, পোক্ত করা হচ্ছে চিকিৎসক সংগঠনগুলিকেও। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৫০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল। যে ভাবে একাধিক রাজ্যে তলে তলে অপারেশন চালিয়ে পদ্ম ফোটাচ্ছে সংঘ। সেই বিষয়টিকে মাথায় রেখেই সংগঠনে যে আরও জোর দিতে হবে, তা ভাল মতোই টের পাচ্ছে শাসক শিবির।

