রাজারহাটে বহুতল নির্মাণ করতে গিয়ে মাটি চাপা পরে দুই শ্রমিক
রাজারহাটের নাঙ্গলপোতা এলাকায় ২১১ মেইন রোডের পাশে একটি বেসরকারি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছে। সেখানেই এদিন হঠাৎ ঘটে চরম বিপত্তি। আচমকা মাটি চাপা পড়ে নিখোঁজ হয়ে যান দু’জন শ্রমিক। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পরে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকাল থেকে মাটি খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। দুপুরে আচমকাই পাশের মাটি ধস নেমে চাপা পড়েন ওই দুই শ্রমিক। ঘটনার পরপরই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নামেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের অন্যান্য শ্রমিকের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ওই দুই শ্রমিকের নাম শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল। তাঁরা ভাঙ্গরের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে শ্যামকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেই জানায় দমকল আধিকারিক ও রাজারহাট থানার পুলিশ।
আর একজন শ্রমিকের খোঁজে উদ্ধার কাজ চালানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, বেসরকারি নির্মাতাদের কাছে একজন শ্রমিকের জীবনের মূল্য কতটা? কেন তাদের নিরাপত্তা আরও ভালোভাবে দেখা হবে না? নির্মাতার বিরুদ্ধে শ্রমিকদের আসন্তোষ প্রকাশ পেয়েছে।

