স্বর্ণালী হালদার কলকাতা:— রাতের অন্ধকার চিরে আনন্দপুরে দাউদাউ আগুন — গুদামজুড়ে ধ্বংসস্তূপের আশঙ্কা, কর্মীদের খোঁজে তল্লাশি চলছে
কলকাতার আনন্দপুর এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিরাবাদ এলাকার একটি বড় গুদামে রাত প্রায় ৩টে নাগাদ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামজুড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখা যায়।
দমকল সূত্রে খবর, প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক ইঞ্জিন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় মোট ১২টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকলকর্মীরা একাধিক দিক থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
জানা গিয়েছে, ওই গুদামে মূলত শুকনো ও প্যাকেটজাত খাবার মজুত করে রাখা হত। পাশাপাশি বিপুল পরিমাণ ঠান্ডা পানীয়ের বোতলও সেখানে সংরক্ষিত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দও শোনা যায় বলে দাবি স্থানীয়দের।
সবচেয়ে উদ্বেগের বিষয়, পরিবারের দাবি অনুযায়ী, আগুন লাগার সময় গুদামের ভিতরে কয়েকজন কর্মী আটকে থাকতে পারেন। যদিও প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কারও আটকে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট না অন্য কোনও কারণ— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শুরু হবে বলে দমকল আধিকারিকরা জানিয়েছেন।
এলাকাজুড়ে আতঙ্ক ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

