সঞ্জয় দোষী – রাজ্য পুলিশের প্রশংসা কুনালের
১৬২ দিন পরে অবশেষে সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করলো আদালত। শনিবার কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁর চিৎকার, “আমি কিছু করিনি। যারা করেছে তাদের কেন ছাড়া হল? আমার কোনও দোষ নেই। সবাই মিলে করেছে।” বিচারক তখন বলেন, ‘CBI তদন্তে যা পেয়েছি, তাতে মনে হয়েছে আপনিই দোষী, সোমবার আপনার কথা শুনব’। আরজি কর-কাণ্ড তিলোত্তমার বিচার চেয়ে সকাল থেকে ভিড় বাড়ছে শিয়ালদহ কোর্ট চত্বরে। অভিযুক্তের ফাঁসির দাবিতে উঠছে স্লোগান। নজিরবিহীন নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে কোর্ট চত্বরে। ছিল বিশাল পুলিশি নিরাপত্তা।
সঞ্জয়কে নিয়ে আদালতে প্রবেশ করাতে পুলিশকে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত আদালতকে চুপ করাতে বিচারপতি সকলকে থামতে বলেন। বিচারক অনুরোধ করেন সবাই আস্তে কথা বলুন। এখানে অভিযুক্তের নিরাপত্তা অনেক জরুরি। এরপর কোর্টরুমে চলে কথোপকথন। এই রায় ঘোষণার পরেই মাঠে নামেন কুনাল ঘোষ। তিনি একদিকে যেমন পুলিশের প্রশংসা করেন, তেমনই তীব্র শ্লেষ ছুঁড়ে দেন বিরোধীদের। কুণাল ঘোষ বলছেন, “পুলিশ সব শক্তি দিয়ে তদন্ত করছিল। সেখানেই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু বাম, কিছু অতিবাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী, একাংশের চিকিৎসক যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন তাতে আজকের রায় প্রমাণ করল কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল। মাঝপথে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কলকাতা পুলিশের তদন্তে মান্যতা পেয়েছে।” স্বাভাবিক কারণেই কুনাল ঘোষের শরীরী ভাষায় ছিল উল্লাস। যদিও সঞ্জয় চিৎকার করে বলতে থাকে, ষে নির্দোষ।

