হতাশার ছাপ ক্রিকেট প্রেমীদের মুখে। ইডেনে বাইশ গজে দেখা মিলবে না সৌরভের।
টিভি ২০ বাংলা কলকাতা :- ক্রিকেট মানে যেমন বাইশ গজ তেমনই সচিন সৌরভের জুটি। দীর্ঘ দশ বছর পর আবারও সৌরভকে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে এমনটাই কথা ছিল। শুধু ব্যাট হাতেই নয় বরং ক্যাপটেন এর ভূমিকায়। এদিন সুত্র মারফত জানা যায় ১৬ই সেপ্টেম্বর শুরু হওয়া লেজেন্ডস ক্রিকেট লিগে (Legends Cricket League) খেলবেন না তিনি।
আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচ নিয়ে ইতিমধ্যেই প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছে শহরবাসীর মধ্যে। বলা যায় রীতিমত প্রহর গুনছিলেন ভক্তরা। কিন্তু সেই আশা পূরণ হবেনা এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। সৌরভ নিজেও প্রচণ্ড উত্তেজিত ছিলেন। মাঠে নামার আগে নিজের ফিটনেসের উপর ধ্যান দিয়ে জিমে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকি কিছুদিন পর অনুশীলন ও শুরু করতেন। কিন্তু ব্যাক্তিগত কিছু কারনে ব্যাট হাতে নামার ইচ্ছেটা যেনো অধরায় থেকে গেলো বাংলার দাদার।
এককালে সৌরভের নেতৃত্বে বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফের মতো যাঁরা ভারতীয় দলে খেলেছিলেন তাঁদের অনেকেই উপস্থিত আছেন দলে। এই ম্যাচ নিয়ে এতো উত্তেজনার অন্যতম কারণ দাদা, বাইশ গজে রীতিমতো একটা রিইউনিয়ন দেখা যেতো। উদ্যোক্তারা সৌরভকে একটা জমকালো সংবধর্না দেবেন বলে ভেবেছিলেন। কিন্তু সেসব বাতিল করতে হচ্ছে। এই পুরো প্রোজেক্টের মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভের ছোটবেলার বন্ধু সঞ্জয় দাস। শুক্রবার সিএবিতে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তেমন কিছু বলেননি। দাদার অনুপস্থিতি যেনো হতাশার ছাপ ফেলেছে ক্রিকেট প্রেমীদের মুখে।

