আজ প্রথম দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক :- উত্তরবঙ্গ তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে অনেকটাই ঝুঁকে পড়েছে বিজেপির দিকে। সেই হারানো মাটি ফিরে পাবার জন্য মরিয়া তৃণমূল। উত্তরবঙ্গের দুই লোকসভা আসন দিয়ে শুরু হচ্ছে এই বৈঠক। আজ প্রথম দিনেই দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক। বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকবেন দলের জেলা সভাপতি, যুব সভাপতি, জেলা চেয়ারম্যান ও বিধায়করা, এছাড়া পুর-পঞ্চায়েতের প্রতিনিধিরা।বৈঠক থেকে কথা বলে একদিকে যেমন দায়িত্বপূর্ণ নেতাদের সাংগঠনিক শক্তি বুঝে নেওয়া হবে, অন্যদিকে ব্লক স্তরে সংগঠন ভোটের প্রচারে ঢেলে সাজানোর জন্যেও চলছে আলোচনা।
গত লোকসভা নির্বাচনে এই তিন আসনেই খারাপ ফল হয়েছে তৃণমূলের। বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ালেও এই সব জেলার একাধিক আসন হাতছাড়া হয়েছে জোড়া ফুল শিবিরের। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায়। চা-বলয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। স্বচ্ছ ভাবমূর্তি, জনসংযোগে দক্ষ, কাজ করার মানসিকতা আছে এমন ব্যক্তিত্বকেই যে সাংগঠনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তা আগেই বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এই বৈঠক সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এর আগে এই সব জেলায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িতে গিয়ে দুই জেলাকে নিয়ে সভা করেছেন অভিষেক নিজেও। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সভা করবেন।

