কলকাতা হার মানতে শেখেনি! কেকেআর-এর প্রথম দফার সূচিতেই বড়সড় টুইস্ট, নজর থাকবে কার দিকে?
অনন্যা ব্যানার্জী, কলকাতা: গায়ে কাঁটা দেওয়া গর্জন আর ইডেনের সেই চেনা উন্মাদনা ফিরছে খুব শীঘ্রই। গতবারের সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও কোমর বেঁধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের লড়াইটা শুধু মাঠের নয়, নতুন রণকৌশল আর নতুন সেনাপতির অগ্নিপরীক্ষারও। মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে শুরু করে ঘরের মাঠ ইডেন কেকেআর-এর প্রতিটি ম্যাচই হতে চলেছে টানটান উত্তেজনার এক একটি ‘ব্লকবাস্টার’।
আইপিএল ২০২৬ এর প্রথম পর্বের সূচি অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ, ২০২৬ তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের কারণে বিসিসিআই আপাতত প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে, যা ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে।আইপিএল ২০২৬ শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এবারের মরশুমে কেকেআর-এর নেতৃত্বে দেখা যেতে পারে অজিঙ্কা রাহানেকে।পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর টুর্নামেন্টের বাকি সূচি ঘোষণা করা হবে।
কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৬-এর শুরুর পথটা যেমন কঠিন, তেমনই সুযোগে ঠাসা। কেকেআর তাদের অভিযান শুরু করতে যাচ্ছে খোদ মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায়। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেক্কা দেওয়াটা নিঃসন্দেহে অজিঙ্কা রাহানের দলের জন্য এক বিরাট অগ্নিপরীক্ষা। ওয়াংখেড়ের বাউন্সি উইকেটে ক্যামেরন গ্রিন-রাহানেদের শুরুতেই বড় ঝড় সামলাতে হবে।
তবে আসল চমক অপেক্ষা করছে এরপর। মুম্বাইয়ের অ্যাওয়ে ম্যাচ শেষ করেই ঘরের ছেলে ঘরে ফিরছে! কেকেআর ভক্তদের জন্য সুখবর হলো, ইডেন গার্ডেন্স টানা তিনটি ম্যাচ হোস্ট করতে চলেছে। ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনের ‘বেগুনি সমুদ্রে’ ঢেউ উঠবে। এরপর ৬ ও ৯ এপ্রিল যথাক্রমে পাঞ্জাব ও লখনউয়ের মুখোমুখি হবে নাইটরা। ঘরের মাঠের পরিচিত পিচ আর দর্শকদের গগনভেদী চিৎকারের সুযোগ নিয়ে শুরুতেই পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে কলকাতার সামনে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় লড়াই দিয়ে শুরু করলেও, ইডেনের তিনটি ম্যাচই হতে পারে নাইটদের তুরুপের তাস। এবার উঠবে ঝড়।

