বর্ষবরণের রাতে ধানের পালুই বিধ্বংসী আগুন। পুড়ে ছায় চার লক্ষ টাকার ধান। ঘটনায় তৃণমূল বিজেপির তরজা
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বর্ষবরণের রাতে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আনুমানিক ৪ লক্ষ টাকার ধান পুড়ে ছাই বলে দাবি স্থানীয়দের। প্রায় ২৩ বিঘা জমির ধানের পালুই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমলা গ্রামে। গোটা ঘটনায় শুরু কড়া নজরদারি ও পুলিশি তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালডিহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রিম্পা মণ্ডলের প্রায় ২০ বিঘা জমির ধান তার খামারে পালুই করে রাখা ছিল। বুধবার রাতে হঠাৎ করেই সেই পালুইতে আগুন ধরে যায় এবং কিছু সময়ের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে থাকে। একই সময়ে, ওই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সুবল চন্দ্র মণ্ডলের খামারে রাখা প্রায় ৩ বিঘা জমির ধানের পালুইতেও হঠাৎ আগুন লেগে যায়। একই রাতে ২০০ মিটার দুরত্বের মধ্যে পাশাপাশি দুটি খামারে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সিমলা গ্রামে।
ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দুই তৃণমূল নেতা। এই অগ্নিকাণ্ড নিয়ে পঞ্চায়েত প্রধান রিম্পা মণ্ডলের অভিযোগ, রাজনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে না উঠে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তার দাবি, ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যেই ধানের পালুইয়ে আগুন লাগানো হয়েছে। একই অভিযোগ করেছেন বুথ সভাপতি সুবল চন্দ্র মণ্ডলও।
অন্যদিকে এই বিষয়ে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বিরোধী দল বিজেপিকে আক্রমণ সানিয়ে বলেন বিজেপি রাজনৈতিকভাবে পেরে উঠছে না আমাদের সাথে এখানে। রাজনৈতিক ষড়যন্ত্রের স্বার্থে এই অগ্নিকাণ্ড করা হয়েছে। তাই আমাদের ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনে নামবো।
অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির। জেলা যুব মোর্চার নেতৃত্ব জীবন মন্ডল বলেন স্থানীয় নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এর ঘটনা হতে পারে। ওদের দলের মধ্যেই কাঠ মানি নিয়ে গোষ্ঠী কোন্দল, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী কার্যতা স্বীকার করেছেন। তবে আমরা এর তদন্ত চাইছি। বিজেপি কোনভাবেই এর সাথে যুক্ত নয়।
এদিন দুপুরের পরে এই ঘটনা নিয়ে কমলপুর আউট পোস্টের লিখিত অভিযোগ জানায় তৃণমূল। গোটা ঘটনার কড়া নজরদারি চালিয়ে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ।

