ষষ্ঠী ভূইঁয়া (৩৪) পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লকের মোয়াইল গ্রামের রিলায়েন্স ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক। অষ্টম মান উত্তীর্ণ ষষ্ঠীর পরিবারের সদস্য সংখ্যা সাত জন। মূল জীবিকা সবজি চাষ। ষষ্ঠীর কৃষিযোগ্য জমির পরিমান আট বিঘা, যেখানে পেঁপে চাষের পাশাপাশি পটল ও ফুলকপিও বাণিজ্যিকভাবে চাষ করেন। মোট জমির মধ্যে প্রায় দুই বিঘা জমিতে ষষ্ঠী বর্ষ ব্যাপী পেঁপে চাষ করেন। কিন্তু প্রায় প্রতি বছরই পেঁপের গোড়া পচা ও সাদা মাছির আক্রমণে ফসলের উৎপাদন আশানুরূপ হতো না। বাজারচলতি ওষুধ প্রয়োগ করেও বিশেষ লাভ হয় নি। এমতাবস্থায় ত্রাতার ভূমিকায় এগিয়ে আসে রিলায়েন্স ফাউন্ডেশন।
২০২২ সালে একটি গ্রামীণ সচেতনতা শিবির থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের হেল্পলাইন ও বিভিন্ন কৃষি সম্পর্কিত পরিষেবা সম্পর্কে অবহিত হন ষষ্ঠী। পরবর্তী সময় সবজি চাষের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে হেল্পলাইন ১৮০০ ৪১৯ ৮৮০০ নম্বরের মাধ্যমে বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাকেন ষষ্ঠী। বিগত বছরেও ষষ্ঠী দু’বিঘা জমিতে পেঁপে চাষ করেন। কিন্তু শুরু থেকেই গোড়া পচা প্রতিরোধ, সাদা মাছির আক্রমণ সংক্রান্ত পরামর্শ নেয়ার ফলে এই সমস্যা থেকে প্রতিকার পান। এছাড়া জমিতে কেঁচো সারের ব্যবহারও শুরু করেন। কিন্তু হঠাৎই কিছু গাছের পাতা কুঁকড়ে গিয়ে গাছ মরে যেতে থাকে। এমতাবস্থায় হেল্পলাইনের মাধ্যমে বিশেষজ্ঞের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে গাছ রক্ষা করেন। ফলস্বরূপ একদিকে উৎপাদন খরচ কমার পাশাপাশি উৎপাদনেরও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। দেখে নেওয়া যাক লাভের হিসাবটি।
পূর্বে দু’বিঘা জমিতে চাষের খরচ হতো প্রায় ৩০,০০০/- টাকা। সারা বছরের উৎপাদনের পরিমান ছিল প্রায় ৯০ কুইন্টাল। রিলায়েন্স ফাউন্ডেশনের হেল্পলাইন পরিষেবায় বর্তমানে উৎপাদন প্রায় ১৪০ কুইন্টাল। পাশাপাশি বিধি সম্মত চাষ ও ধীরে ধীরে কেঁচো সার প্রয়োগের ফলে উৎপাদন খরচ অনেকটাই কমে হয়েছে ২৫,০০০/- টাকা। স্থানীয় জামালপুর বাজারে এ বছর বিক্রয়মূল্য ছিল গড়ে ৩০/- টাকা থেকে ৩২/- টাকা প্রতি কেজি। পূর্বে নীট লাভের পরিমান ছিল ২,৪০,০০০/- টাকা, বর্তমানে নীট লাভ প্রায় ৩,৯৫,০০০/- টাকা।
বর্তমানে শুধু ষষ্ঠী ভূইঁয়াই নয়, মোয়াইল গ্রামের ৬২-জন কৃষক প্রত্যক্ষভাবে রিলায়েন্স ফাউন্ডেশনের হেল্পলাইন সহ হ্যান্ডহোল্ডিং প্রশিক্ষণ, অডিও কনফারেন্স, ভয়েস মেসেজ ইত্যাদি প্লাটফর্মের মাধ্যমে সব্জিচাষে উপকৃত হয়েছে। এভাবেই গ্রামবাংলার অগণিত কৃষকের কাছে আধুনিক ব্যয় সাশ্রয়ী কৃষি পরিষেবা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কাজে নিয়োজিত রিলায়েন্স ফাউন্ডেশন পরিবার।

