ইভিএম ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে গেলো স্কুলের তোরণ
নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ :- ভোট প্রস্তুতির শুরুতেই বিপর্যয় কান্দিতে। জানা গেছে, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার পাঁচটি বিধানসভা এলাকার ডিসি/আরসি সেন্টার করা হয়েছে কান্দির রাজ উচ্চ বিদ্যালয়ে। সেই ডিসি/আরসি সেন্টারে আজ ইভিএম বোঝাই কন্টেনার ঢুকতে গিয়ে বিদ্যালয়ের তোরণ ক্ষতিগ্রস্ত হল। ভেঙে গেছে তোরণের একাংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ইভিএম বোঝাই ওই কন্টেনারটি বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে গিয়ে ঘটে এই বিপত্তি। ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণালকান্তি সিনহা ও অন্যান্য আধিকারিকেরা । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যালয়ের নবনির্মিত ওই তোরণটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেয়া হয়েছে ওই তোরণটি ঠিক করে দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই এহেনও বিপত্তির ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

