বিধান সভায় শাসক ও বিরোধীদের সহমতে পাশ হলো বঙ্গভঙ্গ বিরোধী বিল
নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের বিধান সভায় সাম্প্রতিককালের নজির বিহীন ঘটনা।একটি বিষয়ে তৃণমূল ও বিজেপি এক সূত্রে বাঁধা পড়লো। তৃণমূলের পক্ষ থেকে সোমবার আনা হয় বঙ্গভঙ্গ বিরোধী বিল। সোমবার সেই প্রস্তাব ঘিরেই রাজ্য বিধানসভায় দেখা গেল নজিরবিহীন ছবি। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সর্বসম্মতভাবে সমর্থন করা হল বিধানসভায়। শাসক ও বিরোধী দলের বিধায়করা এদিন একসঙ্গে টেবিল চাপড়ে সেই প্রস্তাব সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিককালে এটি এক নজিরবিহীন দৃশ্য। শুধু বিজেপির পক্ষ থেকে একটি লাইন যোগ করে বিল পাশ হয়ে গেলো।
আশ্চর্যের বিষয়, কোনও সমস্যা ছাড়াই দু পক্ষের সম্মতিতে প্রস্তাব পাশ হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রস্তাব পাশ হয়। প্রস্তাব পেশ হওয়ার পর বিরোধী দলনেতা একটি লাইন ওই প্রস্তাবে যোগ করার কথা বলেন। প্রস্তাবে বলা হয়েছে, ‘বাংলার বিভাজন চাই না। পশ্চিমবঙ্গকে যে কোনও মূল্যে রক্ষা করা হবে।’ প্রস্তাব পেশ হওয়ার পর শুভেন্দু বলেন, ‘একটি লাইন যোগ করুন। বাংলার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ।’ এই বিষয় নিয়ে শান্তনু সেন বলেন, “বিজেপির বিলম্বিত বোধোদয়। বাংলা ভাগ করার মানসিকতার জন্য, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, সেটা বুঝতে পেরেই সমর্থন করেছে।” অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ মনে করছেন, এতে শাসক দলের প্রস্তাবে সমর্থন জানানোটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ যে কোনও মানুষই বঙ্গভঙ্গের বিরোধিতা করবেন।

