ভোটপর্ব মিটতেই ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা, মালদা—- ভোটপর্ব মিটতেই ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। মোজমপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৌসিফ আলম, বয়স ২০ বছর। বাড়ি কালিয়াচকের মোজমপুরের বালুগ্রাম এলাকায়।
রবিবার রাতে সে সহ বেশ কয়েকজন মোজমপুরের নারায়াপুর পাগলা নদী সংলগ্ন এলাকার এক লিচু বাগানে জড়ো হয়ে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে তৎক্ষণাৎ কালিয়াচক থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় মাদক কারবারি তৌসিফ আলম পুলিশের জালে ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪ কেজি ৮০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এছাড়াও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সোডিয়াম ক্লোরাইড উদ্ধার করে ৫ কেজির মতো। সব মিলিয়ে উদ্ধার মাদকের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনাস্থলে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল।,
তাই এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

