কালবৈশাখীর বা টর্নেডোর তান্ডব থেকে বাঁচতে কয়েকটি বিষয়ের দিকে নজর দিন
নিউজ ব্যুরো:- রবিবার আধ ঘন্টার তান্ডবে জলপাইগুড়িতে অন্তত ৫ জনের মৃত্যু হয় ও প্রায় আড়াইশো জন আহত হয়। যদিও রবিবারের ঝঞ্ঝা কাল বৈশাখী না মিনি টর্নেডো তা এখনও স্পষ্ট নয়। সে যাই হোক, এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকে। তাই বিশেষজ্ঞারা এই সময় কয়েকটি সাবধানতা অবলম্বন করার উপদেশ দিয়েছেন।
১) ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে যাবেন না। ঘরের জানালা-দরজা ভালভাবে বন্ধ করে রাখুন।
২) ঝড়ের সময় বাড়ির বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিন এবং মেইন সুইচ বন্ধ রাখুন।
৩) হাতের কাছে মোমবাতি বা ইমার্জেন্সি লাইট মজুত রাখুন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অসুবিধা হবে না।
৪) ঘরে পর্যাপ্ত পানীয় জল, শুকনো খাবার ও ওষুধ মজুত রাখুন।
৫) যারা বাইরে থাকবেন, তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। পুরনো বাড়ি বা গাছের নীচে আশ্রয় নেবেন না। ঝড়বৃষ্টি বা বজ্রপাতের সময় বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন।
৬) বজ্রপাতের সময় বাড়ির জানালার কাছে থাকবেন না। জানালা বন্ধ রাখুন। ঘনঘন বজ্রপাত হলে, ধাতব বস্তু, যেমন জলের কল, রেলিং, পাইপ বা রড স্পর্শ করবেন না।
৭) বজ্রপাত, ঝড়বৃষ্টি হলেই টিভি-ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক পণ্যের প্লাগ খুলে দিন।
৮) প্রবল ঝড় হলে, গাড়ি চালাবেন না। নিরাপদ কোনও জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করুন।
৯) খোলা মাঠ বা নদীর পাড়ে থাকবেন না।
১০) বাড়ির ছাদ যদি পাকা না হয়, তাহলে সম্ভব হলে ঝড়ের সময় কোনো পাকা বাড়িতে আশ্রয় নিন।

