মানিকচক: বঙ্গ জুড়ে বৃষ্টির নির্দেশ ছিল আগে থেকেই সে মতোই শনিবার সকাল হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় প্রবল বৃষ্টিপাত এর সাথে দমকা ঝড়ো বাতাস। আর এই ঝড়ো বাতাসের জেরেই বিপত্তি ঘটে মানিকচকের নাজিরপুর তিনঘরিয়া এলাকায়। ঘন্টাখানেকের বৃষ্টি ও ঝড়ো বাতাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কিছু বাড়ি।
বহু পুরনো পিপল গাছের মোটা ডাল পরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘরে মজুত থাকা ডেকোরেটরসের জিনিসপত্র সহ অন্যান্য আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সামনে আসে। অন্যদিকে বৃষ্টির জলে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। উল্লেখ্য বছর দুয়েক ধরেই এই বহু প্রাচীন গাছটির একটি ডাল বিপদজনক অবস্থায় ছিল বলে জানান তিনি। এ বিষয়ে নির্দিষ্ট পঞ্চায়েত দপ্তর ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনরূপ সুরাহা মেলেনি।
এ বিষয়ে মিঠুন মন্ডল জানান ঝড় বৃষ্টি চলাকালীন আমরা সাতজন ঘরের মধ্যেই ছিলাম। সে সময় হঠাৎ বীভৎস আওয়াজ হয়। খানিকক্ষণ এর মধ্যেই ঘরের টিন ভেদ করে বড় একটি ডাল মাটিতে পড়ে। আমরা অল্পের জন্য সকলেই প্রাণে বেঁচে যাই। তবে কয়েকজন আঘাত লাগে। এই গাছের ডালটি বিপদজনক অবস্থায় ছিল আমরা তা প্রশাসনকে জানাই তবে প্রশাসন অনুরূপ ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে সুরজিৎ মন্ডল জানান বৃষ্টির চলাকালীন গাছের ডাল পড়তেই আমার বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাইরে থাকা গবাদি পশুদের আঘাত লাগে। প্রশাসনের কাছে আমাদের বিশেষ আবেদন আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

