লালমাটির পথ ধরেই ভাষা আন্দোলনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : – বৃষ্টিস্নাত পথ, বোলপুর শান্তিনিকেতনের মনোরম পথ ধরেই এগিয়ে চলছে বিশাল মিছিল, নেতৃত্বে রাজ্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
মমতার সঙ্গে রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পদযাত্রায় শামিল হয়েছেন ফিরহাদ হাকিমও। চারিপাশের মাইকে তখন বাজছে সেই বিখ্যাত গান ” আমি বাংলায় গান গাই ।” রাজ্যে রাজ্যে বাঙালীদের উপর নির্যাতন ও ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন তিনি ২৮ তারিখ থেকে ভাষা আন্দোলন শুরু করবেন, এদিন তারই সূচনা হলো বাঙালির অন্যতম প্রানের প্রিয় বোলপুর শান্তিনিকেতন থেকে। এদিন বোলপুরের মিছিল ছিল মূলত বাঙালি জাতির উপর অত্যাচারের প্রতিবাদে বার্তা দেওয়ার মিছিল।
ভাষা আন্দোলনের মিছিলে আজ বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রীর মিছিল উপলক্ষে গোটা বোলপুর শহরকে সাজিয়ে তোলা হয়েছিল বাংলায়। প্রায় সমস্ত হোডিং জুরে ছিল বাংলা, কোথাও বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি বিভিন্ন মনীষীদের ছবিতে সাজানো হয়েছিল শহর। এদিনের মমতার মিছিলে প্রথমেই ছিল একটি সুসজ্জিত ট্যাবলো, যা আদতে একটি বাংলা বইয়ের মতন। যেখানে লেখা ছিল – আমার ভাষা বাংলা , বাংলা ভাষা আমার মা, বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাঙালিরা এক হন, এক হন ইত্যাদি।
এদিনের মিছিলে ভীড় ছিল চোখে পড়ার মতো। সবাই যাতে মিছিলটি দেখতে পান তাই মিছিলের পথে বিভিন্ন জায়গায় ছিল ১২ টি জায়েন্ট স্ক্রিন। মমতা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর এই ভাষা আন্দোলন চলবে।

