সকালেই শ্রীরামপুরে এক পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :- সাত-সকালে কোনো মৃত্যুর খবর দিতে আমরাও চাই না। কিন্তু মানুষের কাছে খবর পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই চাঞ্চল্যকর ঘটনা শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিকপাড়ায়। ওই খানের একটি পুকুরে কিছু একটা ভাসতে দেখা যায় ভোরবেলা। সকলেরই নজর মাঝ পুকুরে। কী যেন একটা ভাসছে! কিছুটা কাছে যেতেই দেখা গেল আসলেই একটা দেহ! মানবদেহ! ভাসছে মহিলার মৃতদেহ। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকার লোকজনই খবর দেন শ্রীরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পেয়ারাপুর ফাঁডির পুলিশ। দেহ উদ্ধার হয়। কিন্তু গ্রামবাসীরা কেউই ওই মহিলাকে চিনতে পারছেন না। সকলেই বলছেন তিনি এই এলাকার নন।
একের পর এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত বাংলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা, তবে কেউ কেউ বলছেন, জলে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ জানাচ্ছে দেহ উদ্ধারের সময় মহিলার পরনে ছিল শাড়ি। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন আপাতভাবে দেখা যায়নি। পুলিশ খোঁজ শুরু করেছে পুরোদমে।

