মাত্র ২৭০ টাকায় ৩টি বাড়ি কিনলেন ভুতুড়ে শহরে
নিউজ ডেস্ক। :- প্রাথমিকভাবে বিশ্বাস করা মুশকিল। কিন্তু ঘটনাটি সত্য। সম্প্রতি ক্যালিফোর্নিয়া নিবাসী এক মহিলা ইটালির একটি ছোট শহরের তিনটি বাড়ি কিনে ফেলেন অবিশ্বাস্য কম দামে। তিনটি বাড়ির মোট দাম পড়েছিল ৩.৩০ ডলার। ভারতীয় মুদ্রায় ২৭০ টাকা। প্রশ্ন হল, পুরনো বাড়ি হলেও এত কম দাম কীভাবে হয়? উত্তর রয়েছে ‘ছোট শহরে’। আসলে ওই শহরগুলি ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। ছোট শহর ছেড়ে যেখানে নাগরিক স্বাচ্ছন্দ্য বেশি তেমন বড় শহরে চলে যাচ্ছেন মানুষ। যেমন দক্ষিণ ইটালির সামবুকা। পাহাড়ের উপরে ছবির মতো সুন্দর একটি শহর। যা বর্তমানে ভূতুড়ে শহরে পরিণত হয়েছে।
জানা যাচ্ছে ওই শহরের নির্জনতার কারণে সবাই ওই শহর ছেড়ে পালাচ্ছে। ২০১৯ সালের পুরনো বাড়ি বিক্রির বিজ্ঞাপন অনুযায়ী সেখানে একটি বাড়ির দাম ধরা হয়েছিল ১ ডলার করে। ভারতীয় মুদ্রায় ৮২ টাকা ৯১ পয়সা। শেষ পর্যন্ত ওই দামেই ডজন খানেক বাড়ি বিক্রি হয়েছিল সেবার। ক্যালিফোর্নিয়া নিবাসী তরুণীর মতোই রুবিয়া ড্যানিয়েলস নামের এক মহিলা তিনটি বাড়ি কিনে ফেলেছেন। ২০১৯ সালে সিসিলির মুসোমেলি গ্রামে ঘুরতে এসেছিলেন তিনি। তখনই পছন্দ করে ১.১০ ডলার করে তিনটি বাড়ি কিনে ফেলেন। ইটালির ছোট শহরগুলিতে নামমাত্র মূল্যে পুরনো বাড়ি বিক্রি হচ্ছে জানার পরেই সিসিলিতে ১০ দিনের জন্য ঘুরতে এসেছিলেন ওই মহিলা।
সানফ্রান্সিসকোর বাসিন্দা ডানিয়েলস জানান, কম দামে বাড়ি বিক্রির খবর পাওয়ার পরে দ্রুত ইটালি আসেন তিনি। এবং সম্পত্তি কিনে ফেলেন। ইতিমধ্যে পুরনো বাড়িগুলি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন। ড্যানিয়েলস জানিয়েছেন, তিনটি বাড়ির জন্য আলাদা আলাদা পরিকল্পনাও রযেছে তাঁর। একটিকে বসতবাড়ি হিসেবে ব্যবহার করবেন। অন্য দু’টির একটি হবে চিত্র প্রদর্শনীশালা। শেষেরটিকে ওয়েলনেস সেন্টার হিসেবে গড়ে তুলবেন তিনি। তিনি বাড়ি ভেঙে পরিকল্পনা অনুযায়ী নতুন কাজ শুরু করেছেন।

