স্বেচ্ছাসেবী সংগঠনের ও রেল পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার ৯ শিশু শ্রমিক
দেবাশীষ গুছাইত, হাওড়া :— গত ২৮ অক্টোবর শালিমার স্টেশন থেকে উদ্ধার করা হয় ৯ জন শিশু শ্রমিককে। এদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। আরপিএফ এবং “জীবিকা” নামক একটি স্বেচ্ছাসেবিক সংগঠনের উদ্যোগে গত ২৮ শে অক্টোবর শালিমার স্টেশন অঞ্চল জুড়ে চলে শিশুশ্রমিক উদ্ধার কর্মসূচি।
মোট নয়জন বালক যারা দক্ষিণ ২৪ পরগনা থেকে ভারতবর্ষের বিভিন্ন অংশে কাজ করতে যাওয়ার সুবাদে ট্রেন ধরতে এসেছিল শালিমার স্টেশনে পুলিশ এবং ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় তাদের উদ্ধার করে হাওড়া শিশু কল্যাণ সমিতির কাছে উপস্থিত করে। বর্তমানে প্রতিটি শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের নিরাপদে শিশুর আবাস কেন্দ্রে রাখা হয়েছে।
হাওড়া শিশু কল্যাণ সমিতির সদস্য শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্য এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন “আগামী দিনে এই ধরনের বৃহৎ কর্মকাণ্ড হাওড়া জেলা জুড়ে চলবে এবং সেক্ষেত্রে শিশুদের যত্ন ও সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারবো।”

