মোদী – পুতিনের বৈঠক, ট্রাম্পের ঘুম ছুটিয়ে এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া ! তৈরি হচ্ছে নতুন শক্তি ?
মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক : – সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে ৭ বছর পর রবিবার চিনে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আলোচনার ফাঁকেফাঁকে হাসি-মজা করতে দেখে সারা বিশ্বে জোর জল্পনা ছড়িয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই দৃশ্য গভীর কূটনৈতিক বার্তা রয়েছে। এসসিও সন্মেলনের কোনও ছবিতে তাঁদের আড্ডা দিতে এবং কোথাও আবার ক্যামেরাপার্সনদের অনুরোধে পোজ দিতেও দেখা গেছে৷ ভারতীয় কূটনীতিকদের দাবি পুতিন ও অন্যদিকে জিন পিংকে নিয়ে ফটো তুলে বিশ্বের সামনে বড় বার্তা দিচ্ছে মোদী।
তাৎপর্যপূর্ণ ভাবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-খাঁড়ার আবহেই এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। এসসিও সম্মেলনে বক্তব্য রাখার আগে, হালকা মেজাজে দেখা গেল তিন দেশের রাষ্ট্রপ্রধানকে। মোদী – পুতিন, শি কে একান্তে আলোচনা করতেও দেখা গেল বেশ কিছুক্ষণ।
অন্যদিকে চিনের পাঠানো অরাস গাড়িতে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য যান এদিন । দুই নেতা তাদের দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের একটি হোটেলে। সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান শেষে, রাষ্ট্রপতি পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকস্থলে গিয়েছিলাম। তার সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই খুব আনন্দের।’
উল্লেখযোগ্য, রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা ভারতীয় পণ্যের রফতানির ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর ভারত-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। এর মধ্যেই ভারত-চিন-রাশিয়ার এক মঞ্চে আসা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই দেখছে রাজনৈতিক মহল। তাহলে কী আমেরিকা ও ট্রাম্প কে মাঠে মারতেই তিন দেশ তৈরি করছে নতুন শক্তি জোর জল্পনা চলছে বিশ্বজুড়ে। সে জল্পনা আরো বাড়িয়েছে আজকের চীনের একটি সংবাদপত্র ” চায়না ডেইলি ” তারা সম্পাদকীয় তে অতীত তিক্ততা ভুলে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেয়েছে।

