অর্চিতা মন্ডল,হুগলী :— ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলে প্রকল্পের কথা ঘোষণা । যেখানে দুটি নতুন রেলপথ পাচ্ছে বাংলা, বাড়বে কর্মসংস্থানের সুযোগ!
ভোটের আগে মোদি সরকারের বাংলাকে বড় উপহারের ঘোষণা। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এই প্রকল্পের মধ্যে দিয়ে পণ্য পরিবহণ ব্যবস্থায় গতি ফিরবে বলে ধারণা। ‘পিএম গতি শক্তি’ মাস্টার প্ল্যানের আওতায় এই কাজ সম্পন্ন হবে। বাংলা ও ঝাড়খণ্ডের পাঁচ জেলা এই প্রকল্পের আওতায় আসবে। রেল মানচিত্রে যুক্ত হবে ১৯২ কিলোমিটার পথ। বাড়বে কর্মসংস্থান, যাতে করে উপকৃত হবেন বহু সাধারণ মানুষ। এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্প দুটিকে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। বলা বাহুল্য, যার ফলে পণ্যবাহী ট্রেন চলাচলে সুবিধা হবে। এবার ঝাড়খণ্ড থেকে খনিজ দ্রব্য ও অন্যান্য যাবতীয় পণ্য পৌঁছে যাবে বাংলায় আগের তুলনায় আরও অনেক কম সময়ের মধ্যে। সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়গপুর সেকশনে চতুর্থ রেললাইন তৈরি করা হবে।
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলগুলিকে যুক্ত করতে লাইন ও ডাবলিংয়ের কাজ শুরু করা হবে তাড়াতাড়ি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে শিল্পক্ষেত্রে গতি আসবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

