নিজস্ব প্রতিনিধি:-ভিন রাজ্যে এমনকি ভিন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরীর অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আজ রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি শুরু করা হবে বলে জানিয়েছে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। এই কর্মবিরতির জেরে ফের রাজ্যের বাজারগুলিতে আলুর সঙ্কট দিতে পারে বলে আশঙ্কা তৈরী হল।
ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের ২০ তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী। টানা পাঁচ দিন ধরে চলে সেই কর্মবিরতি। কর্মবিরতির জেরে বাজারে দেখা দেয় আলুর তীব্র সঙ্কট। রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে যায় আলুর আকাল। কর্মবিরতির পঞ্চম দিনে সরকারের তরফে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আস্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ীরা।
কিন্তু সেই ঘটনার এক মাস যেতে না যেতে ফের শনিবার থেকে কর্মবিরতির কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সমিতির দাবী শুধু প্রতিবেশী রাজ্যগুলিতেই নয়, আশপাশের জেলাতে আলু পাঠানোর ক্ষেত্রেও পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারের পক্ষে বারংবার সমস্যা সমাধানের আস্বাস দেওয়া হলেও আসলে কাজের কাজ কিছুই হয়নি। তার প্রতিবাদেই এই কর্মবিরতি। এদিকে ফের আলু ব্যবসায়ীরা কর্মবিরতির কথা ঘোষণা করায় নতুন করে রাজ্যের বাজার গুলিতে আলুর আকাল দেখা দেওয়ার আশঙ্কা তৈরী হল।

