মুখ্যমন্ত্রী প্রথম নির্বাচনী জনসভা থেকে সর্বত্মক আক্রমন করলেন বিজেপিকে
নিউজ ডেস্ক :- নিজেকে কিছুটা সুস্থ করেই রাজনীতিতে ময়দানে নামলেন মমতা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের আগে রবিবার মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব মাঠের জনসভা থেকে তিনি আক্রমন করেন কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার প্রসঙ্গে তিনি তুলে আনেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানার প্রসঙ্গ। তিনি বলেন, ‘একটা বাড়িতে তিনদিন ধরে বসে আছে ১৬ জন গিয়ে। যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে। গিয়ে এক-একটা খাবার বিল আনছে ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা দেখার প্রয়োজন নেই।’ তিনদিন ধরে স্বরূপের ফ্ল্যাটে আয়কর দফতরের আধিকারিকদের তল্লাশি অভিযানের সময় তৃণমূল নেতা স্বরূপ ও তাঁর পরিবারকে কী কী ‘কষ্ট’ পেতে হয়েছে, তাও জানান তিনি। সেইসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা প্রশ্ন করেন যে গেরুয়া শিবির যদি লোকসভা নির্বাচনে ৪০০টি আসন জয়ের বিষয়ে এতটাই নিশ্চিত থাকে, তাহলে কেন এই অত্যাচার?
স্বরূপের নাম না করেই তিনি বলেন, ‘আমাদের যারা ভোট করে, তাদের বাড়িতে রোজ এনআইএ চলে যাচ্ছে। সিবিআই চলে যাচ্ছে। ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করতে গিয়েছিল। আমি বললাম যে তিনদিন ধরে ওরা কী করল তোদের বাড়িতে? (ও বলল যে) দিদি আর বলবেন না, আমার তিনটে বাচ্চা। তিনদিন ধরে আমরা বাথরুমে যেতে পারিনি। আমরা রান্না করতে পারিনি। আমার বাচ্চাটা কীভাবে স্নান করবে, জানি না।’ তিনি আরো বলেন, মহুয়া মৈত্রীকে জিতিয়ে এনে প্রমাণ করতে হবে যে কৃষ্ণনগরের মানুষ মহুয়ার সঙ্গে আছে।

