অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন ! মমতার পাশে দাঁড়িয়ে অধীর কে কড়া আক্রমণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের
নিজস্ব সংবাদদাতা :- মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন মল্লিকার্জুন খাড়গে। স্পষ্ট করলেন, হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে কারও সমস্যা থাকলে সে বেরিয়ে যেতে পারে।
শনিবার লখনউ থেকে অধীরকে খাড়গে বার্তা, এই ব্যাপারে হাইকম্যান্ডের নির্দেশ মানতে হবে, না হলে বাইরে চলে যেতে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতিকে অধীরের জবাব, তিনিও হাইকম্যান্ডের সদস্য। তিনিও ওয়ার্কিং কমিটিতে রয়েছেন।
রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি ইন্ডিয়া জোটকে মমতার বাইরে থেকে সমর্থন প্রসঙ্গেই ফের খাড়গে-অধীর দ্বন্দ্ব সামনে চলে এল। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে সরে এসেছিলেন তৃণমূল নেত্রী। তমলুকে তিনি জানান, ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। এবং এই জোটে তৃণমূল ভীষণ ভাবে রয়েছে।
ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে মমতার মন্তব্যকে কটাক্ষ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি। অধীরের মমতা বিরোধিতার তোয়াক্কা না করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘নির্ণয় নেওয়ার মতো অধীর রঞ্জন চৌধুরী কেউ নন। আমি বলেছি, আমরা হাইকমান্ড। আমরা যা সিদ্ধান্ত নেব, সেটাই মানতে হবে।
কেউ তা না মানলে বেরিয়ে যেতে পারেন।’ অর্থাৎ ভোটের পর ইন্ডিয়া সরকার গঠন হলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থাকবে কি না, তা নিয়ে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, এমনটাই সটান বলে দিলেন কংগ্রেস সভাপতি।

