“অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধীদের এমন বুকের পাটা নেই ” -সৌগত রায়”
নিউজ ব্যুরো :- শনিবার সদলবল নিমতা অঞ্চলে ভোট প্রচারে নামেন সৌগত রায়। নিমতা মোড় থেকে ব্রিজের মুখ পর্যন্ত চলে রেলি। শোভাযাত্রার মধ্যে দিয়েই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌগত রায় জানান, “প্রচারে ভাল সাড়া পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন।” শুধু তাই নয়, উত্তর দেন একাধিক প্রশ্নের। চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার জন্য লড়াই করছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রচুর মানুষকে দেখা যায় যেই মিছিলে।
তবে এই প্রবল গরমে শেষ পর্যন্ত মেজাজ রক্ষা করতে পারেন নি এই সৌগত রায়। ডায়মন্ড হারবারে বিরোধীরা এখনো প্রার্থী না দিতে পারা প্রসঙ্গে বলেন, “অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে বিরোধীদের এরকম বুকের পাটা নেই।” তার পরেই প্রশ্ন আসে অপরূপা পোদ্দারকে নিয়ে। তৃণমূল নেত্রী শুক্রবার দাবি করেছিলেন, ভোটে লড়ার টাকা তাঁর কাছে না থাকার জন্য টিকিট পাননি তিনি। এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান সৌগত। বলেন, “সব প্রশ্নের উত্তর আমি দেব না। আপনি হঠাৎ করে এসে মাইক ধরে প্রশ্ন করবেন। আমি তার উত্তর দেব না।” তখন তাঁর মুখে ছিল প্রবল বিরক্তি।

