বরপক্ষ ও কনেপক্ষের পুরোহিতের ঝগড়ার মাঝে পড়ে ‘বর’ তো চিড়ে চ্যাপটা
এমন ঝগড়া অবশ্য আগেও হয়েছে। বিবাহ আসরে দুই পক্ষের পুরোহিত কিছুতেই মন্ত্র নিয়ে একমত হন না। কিন্তু তাই বলে ঝগড়ার চোটে লগ্ন প্রায় শেষ হয়ে যাচ্ছিলো! ঘটনাটা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি বিয়েবাড়িতে। শেষমেশ সকলে বুঝিয়ে তাঁদের শান্ত করে বিবাহ কার্য সম্পন্ন করিয়েছেন। নইলে লগ্ন পেরিয়ে রাত কাবার হওয়ার বাকি ছিল না। বিয়েবাড়িতে দুই পুরোহিতের সেই বাদানুবাদ সোশাল মিডিয়ায় ভাইরাল। নানা জনে নানা টিপ্পনিও করছেন। মঙ্গলকোট থানার নিগন গ্রামে এক বিয়েবাড়ি। সন্ধ্যার মধ্যেই বিয়েবাড়ি জমজমাট। বরও চলে এসেছেন। হাজির দু তরফের পুরোহিত।
বিয়ের আসরে বরকে এককভাবে কিছু নিয়ম পালন করতে হয়। তো সেখানেও বরকে ছাদনাতলায় বসিয়ে সেসব নিয়ম পালন চলছিল। আচমকা মন্ত্রোচ্চারণের শব্দের বদলে অতিথিদের কানে এল চিৎকার-চেঁচামেচি। এগিয়ে গিয়ে দেখা গেল, দুই পুরোহিতের মধ্যে একেবারে যুদ্ধ বেঁধে গিয়েছে। বিষয় রিচুয়াল বনাম অ্যাকচুয়াল। কোনটা রীতি আর কোনটা আসল নিয়ম, এই নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বাকবিতণ্ডা। একজনের মতে, পদ্ধতি একরকম। তো আরেকজন বলছেন সম্পূর্ণ উলটো! যাইহোক শেষ পর্যন্ত দুই বাড়ির অভিভবকদের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয় ও বিয়ে সম্পন্ন হয়।

