নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ :— মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে, হুমায়ূন কবীরের মেয়েসহ ৮ জনের বিরুদ্ধে NDPS আইনে বড়সড় পদক্ষেপ মুর্শিদাবাদ পুলিশের ।
মুর্শিদাবাদ জেলায় চাঞ্চল্য সৃষ্টি করে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি এই অভিযানের অন্তর্ভুক্ত। এই সম্পত্তিগুলি হুমায়ূন কবীরের মেয়ে নাজমা সুলতানা, জামাই রাইহান আলি, জামাইয়ের বাবা-মা, মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত রয়েছে।
তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির নির্দিষ্ট ও বৈধ আয়ের উৎস দেখাতে না পারার পাশাপাশি পরিবারের কয়েকজন সদস্যের নামে মাদক সংক্রান্ত মামলা থাকায় NDPS Act অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা অভিযোগ তুলেছেন হুমায়ূন কবীরের মেয়ে নাজমা সুলতানা। তাঁর দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে।

