সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের, ঘটনায় তীব্র চাঞ্চল্য
সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রে খবর একই মোটর বাইকে করে মোট চারজন বাড়িতে ফিরছিল। সেই সময় কানাইখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। চারজন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অন্য দুজনের অবস্থার অবনতি হলে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে অন্য দুজন ও মারা যায়। মৃত চারজনের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল এবং মনীষ বিশ্বাস। সরস্বতী পূজার দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ চারজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

