এবার কি গাজা হামাস যুদ্ধ বন্ধ হতে চলেছে?
এক বছর ২ মাসের বেশি সময় ধরে যে ধ্বংসাত্মক যুদ্ধ হয়ে চলেছে মধ্যপ্রাচ্যে তা কি এবার বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া গেলো? সম্ভবত যুদ্ধ বন্ধের একটা ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। ইসরাইলের হামাস নিধন ‘হত্যাযজ্ঞ’ অব্যাহত। এই পরিস্থিতিতে খবর, যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি নিয়ে চুক্তি করতে কয়েক ধাপ এগিয়েছে হামাস ও ইজরায়েল। দুপক্ষের আলোচনায় মিলেছে সবুজ সংকেত। গত বছরের ৭ অক্টোবর থেকে এই সংঘাত শুরু হওয়ার পর যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছে কাতার, মিশর, সৌদি আরবের মতো দেশ। গাজা যুদ্ধে ইজরায়েলের পাশে থাকলেও যুদ্ধবিরতির বৈঠকে নিয়মিত যোগ দিচ্ছে আমেরিকা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েকদিন আগেই মিশরের কায়রোতে আলোচনায় বসেছিল হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। জানা গিয়েছে, দুপক্ষের বৈঠক সদর্থক হয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ১৪ মাস ধরা এই যুদ্ধে ছেদ পড়তে পারে। এর আগে যতবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছিলেন। এনিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি, ইজরায়েল এই চুক্তির খুব কাছাকাছি রয়েছে। এবার আমরা যথেষ্ট আশাবাদী।” যুদ্ধবিরতি নিয়ে হওয়া এই বৈঠক নিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজও বলেন, “অন্যবারের তুলনায় এই প্রথম আমরা চুক্তির খুব কাছাকাছি রয়েছি।”

