নিজস্ব সংবাদদাতা কলকাতা :- টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন
সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। টালিগঞ্জের কুঁদঘাটে রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি প্রযোজনা সংস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ আগুন লাগে।
দমকলের ১৫ টি ইঞ্জিনের তৎপরতায় মাত্র দুঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও কিছু কিছু অংশে আগুন জ্বলছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল? তদন্ত করে দেখবে দমকলের আধিকারিকেরা।
ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে দমকলের একজন আধিকারিক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই গোডাউনে কেউ ছিলেন না। তবে পাশেই আবাসন থাকায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীদের মধ্যে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রচুর টাকার জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

