টিটাগড়ের স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা কলকাতা :- টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে আচমকা বিস্ফোরণ। আজ শনিবার সকাল ১১ টা নাগাদ ক্লাস চলাকালীন ভয়ংকর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের দাপটে স্কুলের ছাদ উড়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাচ্চারা ও শিক্ষক শিক্ষিকারা নিরাপদে আছে।
স্কুলের মধ্যে বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। হঠাৎ করেই বিকট আওয়াজে সবাই বাইরে বেরিয়ে গেলে তারা দেখতে পান স্কুলের ছাদেই বোমা বিস্ফোরণ হয়েছে। এবং ছাদ উড়ে গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাচ্চাদের মধ্যে। তারাও ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। বিস্ফোরণের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী ও ডিসি সেন্ট্রাল। উপস্থিত হয়েছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও উপ পৌরপ্রধান মহম্মদ জলিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে।
গোটা ঘটনার ভিত্তিতে ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল বলেন, ” অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা অশোভনীয়। বাচ্চাদের সাথে সাথে তাদের বাবা মায়েরাও আতঙ্কিত। পুলিশ তদন্ত করছে।” খালেদ তৈয়ব নামে ওই স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে। আশপাশে স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সে সব পুলিশ সংগ্রহ করেছে। টিফিনের সময় ওই বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’’
গোটা ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশগোষ্ঠী ও ডিসি সেন্ট্রাল। তাদের প্রাথমিক ধারণা আশেপাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয়েছে অথবা স্কুলের ছাদেই বোমা মজুত রাখা ছিল।

