পরিবারের সঙ্গে গঙ্গাস্নান করতে গিয়ে নবদ্বীপ বড়াল ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু এক কিশোরের
নিজস্ব প্রতিনিধি :- পরিবারের সকলে মিলে গঙ্গাস্নান করে নবদ্বীপ মন্দিরে পুজো দেওয়ার বাসনা নিয়েই তারা নবদ্বীপ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বড়াল ঘাটে স্নান করতে নামেন। কিন্তু কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই নদীগর্ভে তলিয়ে যায় মাত্র ১৭ বছরের মেধাবী ছাত্র সুপ্রতিম গাঙ্গুলি। খবর পেয়ে দুর্যোগ মোকাবিলা টিম চলে আসে ও তাদের তৎপরতায় সুপ্রতিমের দেহ গঙ্গার গভীর থেকে উদ্ধার করা হয়। পুলিশ ওই দেহ নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তাদের বাড়ি আসানসোল শিমুলতলা এলাকায়। শুক্রবার পরিবারের সবাই মিলে মায়াপুরে যান। ওখান থেকে শনিবার নবদ্বীপে যান পুজো দিতে। আর পুজো দেওয়ার আগেই ঘটে যায় ওই মর্মান্তিক ঘটনা। পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

